Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা হঠাৎ করে সৃষ্টি হয়নি; বরং দীর্ঘদিনের রাজনৈতিক অনাস্থা ও দলগুলোর মধ্যে দূরত্বের ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সম্প্রতি একটি টকশোতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলগুলো তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন করছে, অন্যদিকে সরকার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে অটল রয়েছে। তবে গণতন্ত্রের স্বার্থে উভয় পক্ষেরই আলোচনার টেবিলে বসা প্রয়োজন বলে তিনি মনে করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সহিংসতা বা সংঘাত কখনো স্থায়ী সমাধান আনতে পারে না। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ করা উচিত।

সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্ক এবং জুলাই পদযাত্রায় দলটির অংশগ্রহণ না থাকার বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, একসময় তিনি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরে আদর্শগত পরিবর্তনের মাধ্যমে তিনি বর্তমান অবস্থানে এসেছেন এবং এখন এনসিপির রাজনীতি করছেন।

তিনি বলেন, মাদ্রাসায় পড়াশোনা করার সময় অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ না থাকায় ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। পরবর্তীতে রাজনৈতিক দর্শন ও আদর্শে পরিবর্তন আসায় তিনি সেই অবস্থান থেকে সরে এসে নতুন রাজনৈতিক পথ বেছে নেন।

বিএনপির সঙ্গে সমঝোতার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, তাদের প্রথম পছন্দ ছিল বিএনপির সঙ্গে সংস্কারভিত্তিক সমঝোতা। তবে বিএনপি সংস্কারের বিষয়ে রাজি না হওয়ায় তারা এমন রাজনৈতিক শক্তির সঙ্গে এগিয়েছেন, যারা সংস্কারের বিষয়ে সম্মত ছিল।

জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে উত্থাপিত ‘মোরাল টারপিচিউড’ বা নৈতিক স্খলনের অভিযোগ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব জামায়াতে ইসলামীর। তবে নীতিগতভাবে তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দলের কেউ নৈতিক স্খলনের সঙ্গে জড়িত থাকলে তাকে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের সামনে আনা উচিত।

তিনি আরও বলেন, রাজনীতিতে আদর্শের পাশাপাশি বাস্তব প্রয়োগও গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক দর্শন কাগজে-কলমে যতই সুন্দর হোক না কেন, বাস্তবে সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে না পারলে সেই রাজনীতির সীমাবদ্ধতা থেকেই যায়।