নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাস ও কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহতদের মধ্যে ছাত্রদলের তুহিন, সাব্বির, তোফায়েল, আকাশ ও রহিম এবং ছাত্রশিবিরের এমদাদুল হক শুভ, তামিম ইসলাম ও তরিকুল ইসলামের নাম জানা গেছে। অন্য আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল, লাঠিসোঁটা ও রড নিয়ে ধাওয়া–পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। এতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য কলেজ রোডে যান চলাচলও ব্যাহত হয়।
সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
ছাত্রদলের দাবি, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জোর করে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।
অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, অনুষ্ঠান চলাকালে তাদের নেতাদের বক্তব্য দিতে বাধা দেওয়া হয়। পরে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের একাধিক নেতাকর্মী আহত হন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, সরকারি তোলারাম কলেজে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।