ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে ঘরে ঢুকে চুরি করার সময় অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন এক গৃহবধূ। চোরকে বাধা দিতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুলে কামড় দিলে সেটির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি; সহযোগীদের সহায়তায় আঙুলের বিচ্ছিন্ন অংশটি ঘটনাস্থলেই ফেলে চোরটি দুটি মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে।
বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফাবাড়িতে সৌদিপ্রবাস জুয়েল খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গৃহবধূ মোসা. ঝুমুর বেগম (২৭) খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে ছিলেন তার ছেলে নাহিদুজ্জামান নোমান, মেয়ে নাফিসা ও শাশুড়ি হাসিনা বেগম। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কিসের যেন শব্দ পেয়ে ঝুমুরের ঘুম ভেঙে যায়। ঘরে চোরের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার শুরু করলে চোর এসে তার মুখ চেপে ধরে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোরের একটি আঙুল মুখে চলে এলে ঝুমুর তা সজোরে কামড়ে ধরেন, এতে আঙুলের একাংশ কেটে মুখে থেকে যায়।
পরে চোর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে ওত পেতে থাকা সহযোগীদের নিয়ে দ্রুত চম্পট দেয়। পালানোর সময় তারা ঘরের দুটি মোবাইল ফোন নিয়ে যায়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।
এলাকাবাসীর ভাষ্য, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তারা রাতে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।