Image description

সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার এনসিপির অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানও দেন তারা। গাজী সালাউদ্দিন তানভীরকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তারা তার ওপর ডিম নিক্ষেপ করে জনতা।

এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সদর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান বাদী। ওই পোস্টে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

সরকারি আজিজুল হক কলেজের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান। উনাকে নিয়ে তানভীরসহ বেশ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করে চায়। আমরা দ্রুত গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল।

শীর্ষনিউজ