Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইব্রাহীম আলী।

এর আগে, রোববার বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়েছে, গত ২৯ জুলাই বিকেল তিনটার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী ফেসবুকে একটি পোস্ট দেখতে পান।

অভিযোগ অনুযায়ী, গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি বাদীসহ বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় এসে মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।