সামাজিক মাধ্যমে গতকাল (২৪ জুলাই) দুপুরের পর থেকে এক ব্যক্তিকে গণপিটুনি ও হামলার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর ক্যাপশনে বিভিন্ন ধরনের বানোয়াট ও পরস্পরবিরোধী দাবি করা হচ্ছে। নেটিজেনদের একাংশ দাবি করছেন—গণপিটুনির শিকার ব্যক্তিটি মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু এবং তিনি জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হয়েছেন।
আবার কিছু কিছু পোস্টে দাবি করা হচ্ছে—গতকাল বৃহস্পতিবার মতিঝিল থানা এলাকার ইউনিয়ন ব্যাংক থেকে এক নারী ৫ লাখ টাকা তুলে বের হলে ‘শিবু’ নামের ওই ব্যক্তি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় হ্যান্ডব্যাগ ধরে টানাটানি শুরু করলে ক্ষুব্ধ ‘তৌহিদী জনতা’ তাকে গণপিটুনি দেয়।
তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এসব দাবির কোনো ভিত্তি নেই। মারধরের শিকার ব্যক্তি বিএনপির কোনো নেতা নন এবং হামলাকারীরাও জামায়াতে ইসলামীর কর্মী নন। মূলধারার কোনো গণমাধ্যমেও এ ধরনের ঘটনার কোনো প্রমাণ মেলেনি।
দলীয় তথ্য অনুসন্ধান ও ভুয়া পরিচয়
ছড়িয়ে পড়া ভিডিও ও দাবির সত্যতা অনুসন্ধানে ‘আগামীর সময়’ মতিঝিল থানা বিএনপির বর্তমান কমিটি ও দায়িত্বশীল নেতাদের বিষয়ে খোঁজ নেয়। ওই এলাকার একাধিক নেতা ‘আগামীর সময়’-কে নিশ্চিত করেছেন যে, মতিঝিল থানা বিএনপির সভাপতি বা আহ্বায়ক পদে ‘শিবলুর রহমান শিবু’ নামে বর্তমানে কোনো নেতা নেই।
এছাড়া, মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিবু নামের এক নেতা পূর্বে থাকলেও—যার চেহারার সাথে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তির কোনো মিল নেই। প্রকৃতপক্ষে, মতিঝিল থানা বিএনপির বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর হোসেন। ফলে বিএনপির দলীয় পদের নাম ব্যবহার করে ব্যক্তিটিকে পরিচয় দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অসত্য।
অনুসন্ধান ও প্রশাসনের বক্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা—ইউনিয়ন ব্যাংকের সামনে নারী গ্রাহকের ওপর চাঁদা দাবি, ব্যাগ ধরে টানাটানি বা তৌহিদী জনতার গণপিটুনির মতো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে দেশের শীর্ষস্থানীয় কোনো মূলধারার সংবাদপত্র কিংবা ইলেকট্রনিক গণমাধ্যমে কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের ছিনতাইচেষ্টা বা গণপিটুনির দাবির সত্যতা বা প্রমাণ মেলেনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার স্পষ্ট জানান, মতিঝিল থানা এলাকায় এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা গণপিটুনির খবর পাওয়া যায়নি।
সামগ্রিক তথ্য বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সাথে বিএনপি নেতা বা ব্যাংকের সামনে ছিনতাইয়ের ঘটনা জুড়ে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মতিঝিল থানা বিএনপির আহ্বায়ক পদে আলমগীর হোসেন দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে ‘শিবলুর রহমান শিবু’ নামের কোনো সভাপতির অস্তিত্ব নেই। মূলধারার গণমাধ্যমের কোনো তথ্যপ্রমাণ ছাড়াই একটি গণপিটুনির ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক ও বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
