Image description

​রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে মো. পলাশ (৩৪) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

​মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাজার এলাকার পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করছিলেন।

পেশায় একজন প্রাইভেটকার চালক হলেও গত কিছুদিন ধরে তিনি সেই কাজ বন্ধ রেখেছিলেন। তিনি বিএনপির কর্মী ছিলেন।

​নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন পলাশ। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ একদল দুর্বৃত্ত এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় এবং বুক ও মাথায় গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। ​প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তিনি বিএনপির কর্মী ছিলেন।

​বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবুজবাগ থানাকে অবহিত করা হয়েছে।