বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এ দায়িত্ব লাভ করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একটি শূন্য পদ পূরণের লক্ষ্যে এই উপনির্বাচনের আয়োজন করা হয়। গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সারা দেশের সদস্যদের ভোটে মেধা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে মেহেদী হাসানকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মেহেদী হাসান বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় পর্যায়ে তার সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব এবং শিক্ষার্থী ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি সদস্যদের আস্থা অর্জন করেছেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা জেলা ও শহর শাখার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে মেহেদী হাসান সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।