Image description

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি ‘আইনি’ ইস্যু হিসাবে উল্লেখ করে ভারত বলেছে, যে কোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই তার নিষ্পত্তি হবে। মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি। যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয় এবং এ বিষয়টিও সে অনুযায়ীই পরিচালিত হবে।’ ভারতীয় এক সাংবাদিক শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতারা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ।

ব্রিফিংয়ে বাংলাদেশে কিছু ভারতীয় উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, ১১টি প্রকল্প যা ঘোষিত হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যাচ্ছে কি না-এই প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, উন্নয়নমূলক সহযোগিতা প্রকল্প পারস্পরিক আলোচনার ভিত্তিতে গৃহীত। সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

প্রসঙ্গত, এসব উন্নয়ন প্রকল্পের সবগুলোই ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের দীর্ঘ শাসনামলে গ্রহণ ও বাস্তবায়ন শুরু করা হয়েছিল।