Image description

বর্তমান সরকার গণভোটের ফলাফল চুরি করেছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরের শপথ চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় এই মন্তব্য করেন তিনি।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গণভোটে দেশের ৭০ পার্সেন্ট মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষ নিয়েছিল। কিন্তু সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। অতীতের সরকার ভোট চুরি করতো কিন্তু এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে।’

বিএনপি সরকারের গত ছয় মাসের সমালোচনা করে হাসনাত বলেন, দেশে লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইরানের যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে সরকার গঠিত কমিটিকে ‘আলংকারিক উদ্যোগ’ অভিহিত করে তিনি অভিযোগ করেন, ওই কমিটি জ্বালানি খাতের বিদ্যমান সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ । সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারেনি।

এর আগে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শহরের মিশন রোড এলাকা থেকে একটি পদযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শপথ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়।

চাঁদপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. আকরাম হোসেন এবং যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনিসহ দলটির স্থানীয় নেতারা।