বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সংগঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর অঞ্চলের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। একজন মুমিনের জন্য এ ত্যাগ নামাজ, রোজা, হজ ও যাকাতের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের আবেদন করার সময় ‘রুকন’ শব্দের পরিবর্তে ‘সদস্য’ শব্দ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ‘রুকন’ ও ‘সদস্য’-এর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। একজন রুকন আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ ব্যক্তি এবং তার মর্যাদা ও সম্মান আল্লাহই দান করবেন।
তিনি উপস্থিত রুকনদের আদর্শ, দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক শামছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।