Image description

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষাসহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনী যাবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিন বিকাল ৪টায় সোনাগাজী উপজেলা থেকে দলটির 'দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে।

বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন দলটির ফেনী জেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।

​​দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে অংশ নিতে ফেনী যাবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এবং আলী আহসান জোনায়েদসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় এই নেতারা পদযাত্রায় সরাসরি অংশগ্রহণের পাশাপাশি আয়োজিত পথসভায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন।

সূত্র আরও জানায়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, চলমান বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। এছাড়াও সোনাগাজীর স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা, তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনা এবং একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এই কর্মসূচির অন্যতম মূল উদ্দেশ্য। 

জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পদযাত্রা একটি গণজোয়ারে পরিণত হবে।