স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের উন্নয়ন প্রকল্পের বড় অংশই দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন ও সংগঠনগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছিল, তাই সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সমবায়ের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ভিত্তিক উৎপাদিত পণ্য বাজারজাতকরণে যুক্ত রয়েছেন বলে জানানো হয়।
আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে।
এলজিআরডি মন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের সময় ব্যাপক লুটপাট হয়েছে এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে আরও কার্যকর ও সক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দেন।
এদিকে একই দিন সিরডাপ মিলনায়তনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শীর্ষনিউজ