Image description

বগুড়ার দুপচাঁচিয়ায় হামলার ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর জামায়াতে ইসলামীর দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন। তার মৃত্যুর প্রতিবাদে রোববার বাদ আসর জানাজা শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ জুন উপজেলার ভেলুরচক গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রফিক আকন্দ ও তার ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্রাটের পরিবারের অভিযোগ, ওই সময় আব্দুল করিমের নেতৃত্বে একদল লোক হামলা চালালে রফিক আকন্দকে রক্ষা করতে এগিয়ে গিয়ে সম্রাট গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মামলার প্রধান অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও উত্তেজনা দেখা দেয়। জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানান, সম্রাট হোসেনের জানাজা শেষে দুপচাঁচিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।