Image description

জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে গণমাধ্যমে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার (৫ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে শিরোনাম কিছুটা পরিবর্তন করে প্রায় একই রকম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। এসব সংবাদের শিরোনাম, উপস্থাপনা এবং বিশ্লেষণে ব্যবহৃত ভাষা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়। বাস্তব তথ্য ও চলমান সাংগঠনিক কার্যক্রমের যথাযথ প্রতিফলন ছাড়াই যুবদল সম্পর্কে এমন চূড়ান্ত মন্তব্য করা অনভিপ্রেত।

যুবদল জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবদলের দেশব্যাপী ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলন সফল করেছেন। এই আন্দোলনে যুবদলের ৭৮ নেতাকর্মী শহীদ হয়েছেন। শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ ও হাজার হাজার নেতাকর্মী রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়, কমিটির আকার ছোট করার দলীয় বাধ্যবাধকতা থাকায় যোগ্যতাসম্পন্ন সকলকে কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় নাই, যা একটি রূঢ় বাস্তবতা। তবে এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের হাইকমান্ডের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন এবং ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কেন্দ্রের নির্দেশনায় দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক ও জনসম্পৃক্ত কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো কোনো প্রতিবেদনে যুবদলকে ‘মৃতপ্রায়’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা কোনো তথ্যনির্ভর মূল্যায়ন নয়; বরং এটি একটি একপাক্ষিক ও বিভ্রান্তিকর উপস্থাপনা।

যুবদল দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সমকালসহ অন্যান্য গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ করেন এবং প্রকৃত তথ্য তুলে ধরেন।