Image description

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি দুর্নীতি ও লুটপাটের বাজেট, যা বাস্তবায়নে জনগণের ভোগান্তি আরও বাড়বে।

শুক্রবার (১২ জুন) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর বিশাল ঘাটতি। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের ঘাটতি দেশের বাজেট ইতিহাসে নজিরবিহীন। বাজেট বাস্তবায়নের জন্য অতিরিক্ত ঋণের ওপর নির্ভর করতে হবে, যা অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি করবে।

গোলাম পরওয়ার আরও বলেন, সরকার করের উৎস বাড়ানোর কথা বললেও বাস্তবে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। এতে জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে এবং নতুন দুর্ভোগ সৃষ্টি হবে।

তিনি অভিযোগ করেন, এই বাজেট বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিনি বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

 

শীর্ষনিউজ