অসামঞ্জস্য বাজেট করতে যাচ্ছে বিএনপি, যা জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (৬ জুন) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান–সংকট, শিক্ষা-স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের চেতনা, অর্থনৈতিক সংস্কার, জবাবদিহি ও উৎপাদনমুখী প্রবৃদ্ধিকে ভিত্তি করে বাজেট পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
তিনি বলেন, বিএনপি কথা কাজের মিল রাখছে না। দুই মাস আগেও দাম না বাড়ানোর কথা বললেও এখন তা মানছে না তারা। বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতি করা হচ্ছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্যাপাসিটি চার্জ ও অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থা এখনও বহাল। বিদ্যুতের মূল্যবৃদ্ধির বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়ে এ খাতের কাঠামোগত সংস্কার এড়িয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে এবং অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধ করা কেবল সরকারের একার দায়িত্ব নয়; রাজনৈতিক দল, প্রশাসন ও সমাজের সব অংশীজনকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের বিষয়ে যেহেতু কিছু অভিযোগ উঠেছে, তাই সরকারের উচিত জেদাজেদির মধ্যে না গিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া।