প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসংলগ্ন বক্তব্য দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামকে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলামকে শো-কজ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করায় রফিকুল ইসলাম বিডিআরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। তার এ ধরনের মন্তব্য দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থি বলে মনে করছে জেলা বিএনপি।
উল্লেখ্য, গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’ বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রফিকুল ইসলামকে শো-কজের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দেওয়া দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রফিকুল ইসলামকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।