Image description

চট্টগ্রাম নগরে একটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা এই হোটেলে অবস্থান করছিলো বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার সকাল ১১টার দিকে নগরের আকবরশাহ থানাধীন ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন-মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)। এদের মধ্যে সোনিয়া সম্পর্কে মোহাম্মদ রিপনের দ্বিতীয় স্ত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন। তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন। অন্যদিকে, কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে জানা গেছে। তবে তাদের দেয়া তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।

আকবরশাহ থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘নিহতরা গতকাল রোববার দুপুরে রয়েল পার্ক নামে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন। আজ সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’