Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমশার এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ । রোববার সকাল ৭টায় এ মিছিল করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন।

 

যুবলীগ নেতা জালাল উদ্দিন জানান, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের পশ্চিম পাশে মিছিল করেছি ।

 

জানা গেছে, আ.লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোরবেলা থেকেই মিছিলটি করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। তারপর সকাল সাতটার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমশার ও কোরপাই এলাকায় মিছিলটি করে ।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, আ.লীগ গোপনে মিছিল করেছে। আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন ভাইয়ের সাথে এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিব । আর প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের কাছে জানতে চাইবো ।

 

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল পরে পুলিশ যাওয়ায় দৌড়ে পালিয়ে গেছে আ.লীগের নেতাকর্মীরা । আমরা ব্যবস্থা নিচ্ছি।