Image description

ফিকা বিশ্বকাপ-২০২৬ এর খেলা মাঠে গড়াচ্ছে আগামী ১২ জুন। এর আগেই ফুটবলপ্রেমীদের উত্তেজনা বাড়ছেই। তারকা ফুটবলার ও বড় দলগুলির পাশাপাশি বেশ কয়েকটি ছোট দল নিয়েও আলোচনা চলছে। আগেও বিশ্বকাপে খেলেছে তারা। তবে এখনও জিততে পারেনি একটাও ম্যাচ। কোন কোন দেশ রয়েছে সে তালিকায়, আসুন জেনে নিন।

সালাহ্‌দের সামনে নতুন সুযোগ
আফ্রিকা কাপ অফ নেশন্সে সাতবারের চ্যাম্পিয়ন মিশর। তবে এখনও বিশ্বকাপে কোনও সাফল্যের মুখ দেখেনি তারা। ১৯৯০ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করেছিল। এখনও সেরা ফলাফল এটিই। ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল মিশর। তবে কোনও ম্যাচেই জয় পায়নি। এবার সেই খরা কাটাতে চান ইংলিশ লিগের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ্‌সহ দেশটির ফুটবলাররা।

প্রথম জয়ের খোঁজে কানাডা
বিশ্বকাপের ইতিহাসে ক্যানাডার হয়ে এ পর্যন্ত একমাত্র গোলটি করেছেন আলফোন্সো ডেভিস। ২০২২ সালে কাতার বিশ্বকাপে গোলটি করেন তিনি। কিন্তু এক ম্যাচেও জিততে পারেনি তারা। গ্রুপের সব ম্যাচই হেরেছিল তারা। এ বার তাদের সামনে সুযোগ বিশ্বকাপে প্রথম জয় তুলে নেওয়ার।

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজকও কানাডা। সব ম্যাচই হবে ঘরের মাঠে। বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে জয় তুলে নেওয়াই পাখির চোখ তাদের।

নতুন স্বপ্ন ইরাকের
১৯৮৬ সালের বিশ্বকাপে শেষবার খেলেছিল ইরাক। তবে পুরোটাই ছিল হতাশায় ভরা। আহমেদ রাধির গোলটি স্মরণীয় হয়ে থাকলেও তিন ম্যাচেই হেরেছিল দলটি। এবার প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্বে তাদের সামনে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। তিন দলই শক্তিশালী হলেও প্রথম জয় তুলে নিতে চায় ইরাক।

৫২ বছরের অপেক্ষা হাইতির
শেষবার ১৯৭৪ সালে বিশ্বকাপ ফুটবলে খেলেছিল হাইতি। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের। পাঁচ দশকেরও বেশি সময় পর আবার ফিরছে তারা। এ বার প্রথম জয় তুলে নেওয়াই তাদের লক্ষ্য। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে ব্রাজিল, মরক্কো ও সুইডেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে তাদের।

অভিষেকেই নজর কাড়বে কারা?
নজরে থাকবে বিশ্বকাপে অভিষেক হতে চলা চার দেশের ওপরেও। চমক দেখিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে কেপ ভের্দে। আর সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলবে কুরাসাও। প্লে-অফের গেরো কাটিয়ে সুযোগ পেয়েছে আরেক দেশ জর্ডান। আর ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে খেলছে মধ্য এশিয়ার দেশ উজ়বেকিস্তান। প্রথম জয় তুলে নিতে মরিয়া থাকবে এসব দেশও।

খবর: এইসময়