দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা তৈরি করা হবে না।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ‘ভাতার মারি ফার্মে’ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।’
বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানগুলোও ঘুরে দেখেন।
মন্ত্রীর এই পরিদর্শনের সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর এই আশ্বাসের পর এখন দেখার বিষয়, প্রস্তাবিত এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কত দ্রুত বাস্তব রূপ পায়।