Image description

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাড়ির গলি থেকে আনুমানিক দুই মাস বয়সী এক অজ্ঞাত কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। গত মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই গলির ভেতর থেকে হঠাৎ একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান আশেপাশের বাসিন্দারা। উৎসুক জনতা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন।

বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও নিরাপদ হেফাজতে রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই কন্যাসন্তানটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে। একই সঙ্গে শিশুটির প্রকৃত পরিবারের সন্ধান পাওয়ার জন্য পুলিশ তৎপর রয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন গণমাধ্যমকে বলেন, ‘শিশুটিকে সম্পূর্ণ নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং সে সুস্থ আছে। তার পরিচয় শনাক্তের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যদি শেষ পর্যন্ত শিশুটির পরিবারের কোনো সন্ধান না পাওয়া যায়, তবে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’