জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলামের একটি পুরোনো ছবির ক্যাপশন সম্পাদনা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ছড়ানো ছবিটির স্ক্রিনশটের ক্যাপশনে লেখা, ‘‘সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর জন্য।’’ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আবিদুল ইসলামের উক্ত ছবিটি পোস্ট করা হয়েছিলো ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর এবং সেখানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো ক্যাপশন ছিল না।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে আবিদের সেই পোস্টটি খুঁজে পেয়েছে দ্য ডিসেন্ট। দেখুন এখানে (আর্কাইভ)।
দেখা গেছে, ছবিটির ক্যাপশন তিনি চারবার সম্পাদনা করেছেন। প্রথম ক্যাপশন ছিল, ‘‘Funny in midnight. Pc.শান্ত ছেলে সরকার মাহবুব’’, দ্বিতীয় সম্পাদনায় ‘‘Funny in midnight. the shape of papaya((পেপে) Pc.শান্ত ছেলে সরকার মাহবুব’’, তৃতীয়বার ক্যাপশন ফাঁকা ছিল এবং সর্বশেষ ক্যাপশন ছিল ‘‘shape of papaya’’।
এছাড়াও এই বিষয়ে জানতে আবিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডিসেন্টকে বলেন, “পুরোনো একটি ছবির ক্যাপশন এডিট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবিটি ছড়ানো হচ্ছে। এগুলো রাজনৈতিক প্রোপাগান্ডা।”
অর্থাৎ আবিদুল ইসলাম ‘‘সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর জন্য’’ ক্যাপশন সম্বলিত পোস্ট করেননি বরং অন্য ক্যাপশন সম্বলিত একটি পোস্টকে এডিট করে প্রচারিত ক্যাপশন সম্বলিত পোস্টটি ছড়ানো হয়েছে।