ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করেছেন। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় সবাইকে পাশে পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
বুধবার (১৩ মে) দিবাগত রাত ৩টায় দেওয়া পোস্টে সাদিক কায়েম লিখেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি, এক্টিভিস্ট ও বিপ্লবী তরুণ ছাত্রসমাজ- সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
‘আপনাদের প্রাণবন্ত উপস্থিতিই আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় আজ আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি আপ্লুত।’
ডাকসু ভিপি আরও লিখেছেন, শত ব্যস্ততার মাঝেও আপনারা সময় বের করে আমাদের জন্য দোয়া করতে এসেছেন, এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত বড় প্রাপ্তি। আপনাদের এই ভালোবাসা, আন্তরিকতা ও দোয়াই আমাদের আগামীর পথচলার পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার (১৩ মে) বিকেলে সাদিক কায়েমের আক্দ সম্পন্ন হয়েছে। আকদ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্র এবং মহানগরীর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।