Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে আয়োজিত আন্দোলনকে ‘হাইজ্যাক’ করার অভিযোগ উঠেছে। আন্দোলনে অংশ নেওয়া আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া দাবি করেছেন, পূর্বঘোষণা ছাড়াই ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা অরাজনৈতিক এই কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন।

বুধবার (১৩ মে) রাত প্রায় ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল বের হয়। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ অভিযোগ তুলেন।

অনন্যা ফারিয়া বলেন, ছাত্রদল, ছাত্রশক্তিসহ সকল রাজনৈতিক দল ও অরাজনৈতিক শিক্ষার্থী নির্বিশেষে সকলে আমাদের বোনের প্রতি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার বিচারের দাবিতে একত্র হয়েছিল। কিন্তু পূর্বঘোষণা ছাড়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচার দাবির বিষয়টি বাদ দিয়ে মিছিলকে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবির দিকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এই দাবিগুলো নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমরা আলোচনা করার চেষ্টা করলে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা বামপন্থী ডিরেক্টেড এই মিছিলকে প্রত্যাখ্যান করছি। তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়।

অনন্যা ফারিয়া অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থা চাই, আমাদের বোনের প্রতি সংঘটিত অপরাধের বিচার চাই। কারো ব্যবহৃত দাবার গুটি হতে চাই না।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।