Image description

দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নিজ বাড়িতে মজুত করতেন চট্টগ্রামের পতেঙ্গা থানার দুরিয়া পাড়ার বিএনপি নেতা জিয়াউর রহমান প্রকাশ মিয়া। এরপর এসব চালান পাইকারি মূল্যে বিক্রি করতেন মাদক কারবারিদের কাছে। সম্প্রতি একটি পুলিশে এক অভিযানে তার বাড়ির ড্রয়িং রুমের টি-টেবিলের নিচ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 


গত রবিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া ১ নম্বর গলির মুখে খাজা আজমীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে পুলিশ। এসময় আরও দুই মাদককারবারি পালিয়ে গেলেও অভিযানে ৬ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।


এ ঘটনায় ১০ মে রাতে তিনজনকে আসামি করে নগরের ডবলমুরিং থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম। মামলার দুই আসামি বর্তমানে পলাতক বলে জানিয়েছে ডিবি পুলিশ।


দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৩ জুন গঠিত বিএনপির চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কমিটিতে জিয়াউর রহমান প্রকাশ মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তিনি পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবছারের অনুসারী হিসেবে পরিচিত। মূলত ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পর জিয়ার মাদক কারবারের তথ্য সামনে আসে। 


মামলার এজাহারে বলা হয়, গত ১০ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছিলেন। অভিযানের সময় শাহ আলমকে একটি ব্যাগভর্তি ইয়াবাসহ আটক করা হয়। তবে অন্য দুই আসামি পালিয়ে যান। পরে শাহ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গার দুরিয়া পাড়ায় জিয়াউর রহমান প্রকাশ মিয়ার বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসার তৃতীয় তলার ড্রয়িং রুমের টি-টেবিলের নিচে টেবিল ক্যালেন্ডারের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা একটি সাদা কাগজের প্যাকেট থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে


এজাহারে আরও বলা হয়, পলাতক আসামি মো. পারভেজ ও জিয়াউর রহমান প্রকাশ মিয়া পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অবৈধ মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ও ৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, ‘গত রোববার রাতে তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুই আসামির একজন বিএনপির পদধারী নেতা ছিলেন। ওই নেতার বাড়িতে ইয়াবা জব্দের সময় বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। তবে শেষ পর্যন্ত ইয়াবা জব্দ করে মামলা দায়ের করা হয়।’