হরমুজ প্রণালির সীমানা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে একটি কৌশলগত অঞ্চলে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সংস্থাটি জানিয়েছে, হরমুজ এখন জাস্কের উপকূল থেকে সিরি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত।
নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের কাছে এই মন্তব্য করেছেন। তাসনিম আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা হিসেবে পরিচিত।
আকবরজাদেহ জোর দিয়ে বলেছেন, যুদ্ধের আগে প্রণালিটি হরমুজের কাছাকাছি দ্বীপগুলোর চারপাশের একটি সীমিত এলাকা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু আজ এই দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
তিনি স্পষ্ট করেছেন, আগের সংকীর্ণ জলপথটি এখন বৃহত্তর হয়ে একটি বিশাল কর্মক্ষম এলাকায় পরিণত হয়েছে।
আকবরজাদেহ জানিয়েছেন, এই অঞ্চলটি পূর্বের ৩২ থেকে ৪৮ কিলোমিটার পরিসর থেকে প্রসারিত হয়েছে। এখন জাস্ক ও সিরি থেকে কেশম দ্বীপ ও বৃহত্তর তুনবের ওপার পর্যন্ত ৩২০-৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং একটি সম্পূর্ণ বৃত্তকার এলাকা গঠন করেছে।
সূত্র : আলজাজিরা