Image description

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আরাফাত রহমান অভি, যিনি জেলা ছাত্রদলের সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আনসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী রোডে তার নিজ বাসায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।