পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে দূর্যোগকালীন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ছাড়াও নিজের পরিচিত লোকের নাম ব্যবহার করে নিজেই সব সামগ্রী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ওই নেতাকে শোকজ করেছে উপজেলা বিএনপি। সম্প্রতি দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপী সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগ উঠা বিএনপি নেতা হলেন, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোকছেদ আলী।
শোকজ নোটিশে বলা হয়েছে, জনাব মো মোকছেদ আলী উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভয়াবহ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২নং শালডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি কর্তৃক বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থ ও ত্রাণসামগ্রী আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। দলীয় পদে আসীন থেকে আপনার এরূপ অনৈতিক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড সুস্পষ্টভাবে দলীয় নীতি-আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এবং দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুন্ন করেছে।
এমতাবস্থায় গুরুতর এই অসদাচরণ ও দুর্নীতির দায়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে পত্র ইস্যুর তারিখ হতে ৪৮ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীদ্বয়ের নিকট লিখিত জবাবসহ স্ব-শরীরে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।
অভিযোগের বিষয়ে শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মো মোকছেদ আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা শোকজের ২৪ ঘন্টার মধ্যে জবাব দিয়েছি। তবে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। আমরা তো ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ ভাইয়ের গ্রুপের লোক৷ আর যারা অভিযোগ করেছে তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাবিরের গ্রুপের লোক। তারা আমাদের রাজনৈতিকভাবে মানহানির জন্য এসব করছে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো তোবারক হ্যাপী বলেন, আমরা তাকে শোকজ করেছি। সে জবাব দিয়েছে। আমরা তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ইউনিয়নবাসী। বাড়িঘরের টিন ফুটো, বসতঘর ভেঙ্গে পড়া সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ পরিস্থিতে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে বসতবাড়ি ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ এক হাজার ৯০০ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।