সরকার যদি ভুল পথে পরিচালিত হয় বা জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সংসদে নারী সদস্যরাও সমানভাবে সোচ্চার ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামদিুর রহমান আযাদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে জোটগতভাবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য তাদের পক্ষ থেকে যে যৌথ তালিকা জমা দেওয়া হয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সম্ভাবনা নেই বলেই তারা আশা করছেন। ১৩টি আসন থেকে মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আযাদ আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা আশা করছেন, সংসদে নারী প্রতিনিধিত্ব যথাসময়ে কার্যকরভাবে নিশ্চিত হবে এবং কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হবে না।
তিনি জানান, নির্বাচিত হলে মনোনীত নারী সংসদ সদস্যরা বিরোধী দলের অংশ হিসেবে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দেশ ও জনগণের স্বার্থে আইন প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন।
তার ভাষায়, সংবিধান অনুযায়ী নারী সদস্যরা পূর্ণ ক্ষমতা ও অধিকার নিয়েই সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।
তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল হিসেবে তাদের নীতি হলো জনকল্যাণমূলক ও ন্যায়সংগত সব কাজে ইতিবাচক ভূমিকা রাখা। তবে সরকার যদি কোনো অন্যায় বা জনবিরোধী সিদ্ধান্ত নেয়, তাহলে সংসদের ভেতরে ও বাইরে তারা শক্ত অবস্থান নেবেন।
এছাড়া তিনি জানান, তাদের ১১ দলের জোট সংসদে সম্মিলিতভাবে বিরোধী ভূমিকা পালন করবে এবং রাজপথেও কর্মসূচি অব্যাহত রাখবে।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই, আপিল নিষ্পত্তি এবং প্রতীক বরাদ্দের পর আগামী ১২ মে ভোট অনুষ্ঠিত হবে।
শীর্ষনিউজ