Image description

রাশিয়ার রাজধানী মস্কোর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ জন ইসরাইলি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, তারা ইরান–সম্পর্কিত চলমান সংঘাতের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করা হয়।

রুশ সরকারবিরোধী সংবাদমাধ্যম মিডিয়াজোনার বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরাইল থেকে একটি ফ্লাইটে মস্কো পৌঁছানোর পর তাদের কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় নিরাপত্তা কর্মকর্তারা তাদের মোবাইল ফোন আনলক করতে বললেও তারা তা করতে অস্বীকৃতি জানান। পরে তাদের ডিভাইসগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সূত্রের বরাতে জানা যায়, জিজ্ঞাসাবাদে রুশ কর্তৃপক্ষ জানায়, ইরান রাশিয়ার মিত্র হওয়ায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো পক্ষকে রাশিয়ার জন্যও প্রতিকূল হিসেবে দেখা হতে পারে। এছাড়া তাদেরকে জানানো হয়, তাদের ভ্রমণ পরিস্থিতি সাধারণভাবে গ্রহণযোগ্য নয়।

পরে শর্তসাপেক্ষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়, যেখানে তারা ভবিষ্যতে কোনো আইন লঙ্ঘন করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

ঘটনার পর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, দ্রুত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে। ইসরাইলি দূতাবাস ও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ইরান-সম্পর্কিত ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে।

শীর্ষনিউজ