Image description

বাগেরহাটের ফকিরহাটে ছিনতাইয়ে বাধা দেওয়ায় কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। পরে ব্যবসায়ীদের ডাক চিৎকার শুনে দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আহত ব্যবসায়ীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছুরিকাঘাতের শিকার ব্যবসায়ীর নাম আকবর হোসেন (২৩)। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকও আহত হয়েছেন। 

 

আটকরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ সুমন (৩৬)।

বর্তমানে তিনি মোল্লাহাটের বুড়িগাংনী এলাকায় বসবাস করেন। অপরজন রামপালের চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে খুলনা পাইকারী আড়তে কাঁচামাল আনার জন্য যাচ্ছিলেন। ফকিরহাট সুখদাড়া এলাকায় পৌঁছালে দুটি মটরসাইকেলে ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে।

এ সময় ধারালো ছুরির ভয় দেখিয়ে বাবা ও ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাধা দিলে ছেলে আকবর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা ছিনতাই করা হয়।

 

এদিকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুজনকে টেনে ধরে। এতে মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নিচে পড়ে যায়। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদের আটক করে।

পরে তাদের পিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। অন্যরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।

 

আহত আকবর হোসেনের বড় ভাই আলী শাহ শেখ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইপুল ইসলাম বলেন, আটক মিজানুর রহমান শেখ ও মেহেদী হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরুচুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।