Image description

ভারত সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন খলিলুর রহমান। তাদের এ বৈঠকের আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে একজন বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এ হত্যাকাণ্ডকে খলিলুর রহমানের জন্য ভারতের উপহার বলে মন্তব্য করেছেন।

বুধবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস এ মন্তব্য করেছেন।

পোস্টে তিনি বলেছেন, আজকে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে বৈঠক করেছে। বৈঠকের পূর্বে উপহার হিসেবে ভারতের বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলি করে একজন বাংলাদেশিকে আজ হত্যা করেছে!

পোস্টের শেষে তিনি লেখেন, ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক। দাসত্ব থেকে আমার বাংলাদেশ মুক্তি পাক।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।

এদিকে তাদের বৈঠকের আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৪৯) উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এ ছাড়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

বুধবার দুপুরে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নং পিলার এলাকায় বা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে এসব জানানো হয়।

এর আগে, গত সোমবার (৬ এপ্রিল) একই সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও প্রাণহানির ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।