খাগড়াছড়িতে সদর উপজেলায় গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা)–এর এক সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশ্ববর্তী স্থানে এ হামলা হয়।
নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘আজ সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’
অংগ্য মারমা আরও বলেন, ‘গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়।’
তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠন অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।’
শীর্ষনিউজ