সম্প্রতি, ‘হঠাৎ রাজধানীতে মশাল মিছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের।লাইভটি শেয়ার করুন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানারের আনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মশাল মিছিলের কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতিবাদে গত ২৯ জানুয়ারিতে পল্টনে বাংলাদেশ আমজনগণ পার্টির মশাল মিছিলের দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘গ্লোবাল টিভি বাংলাদেশ’ এর ফেসবুক পেজে ‘আমজনগন পার্টির মশাল মিছিলে উত্তাল পল্টন’ শিরোনামে গত ২৯ জানুয়ারিতে প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তুলনা করলে হুবহু মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ‘গ্লোবাল টিভি বাংলাদেশ’ এর উক্ত ভিডিও থেকেই নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমটির ভিডিওতে মশাল মিছিলের বিষয়ে বলা হয়, বাংলাদেশ আমজনগণ পার্টির মশাল মিছিল। এই মশাল মিছিল এসে পৌঁছেছে পল্টনে। মূলত নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তারা আজকে এই মশাল মিছিলটি করছেন। ইতোপূর্বে বাংলাদেশ আমজনগণ পার্টি তাদের দলীয় নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করেছে। প্রাথমিকভাবে তাদের এই আবেদন গৃহীত হয়েছিল। কিন্তু তারপর তাদের চূড়ান্ত বৈধতা দেওয়া হয়নি।
এছাড়াও, মিছিলের ব্যানারে থাকা লেখাতেও ‘নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে’ লেখার উল্লেখ পাওয়া যায়।
পাশাপাশি, নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে আমজনগণ পার্টির প্রতিবাদ মশাল মিছিল দাবিতে উক্ত ঘটনার আরও একাধিক ভিডিও নানা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটির মশাল মিছিলের উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নয়।
এছাড়া, পূর্বেও ভিন্ন দাবিতে একই ভিডিওটি প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।