সমকালের সিনিয়র সাংবাদিক রাজিব আহাম্মদ বলেছেন, ‘বাংলাদেশে সাহিত্যে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ করেছেন অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক হুমায়ুন আজাদ। গবেষণায় মুক্তিযুদ্ধ করেছেন শাহরিয়ার কবির। এই রকম আরও অন্তত ১০ জনের নাম বলতে পারব, যারা একাত্তরে তাগড়া যুবক হয়েও মুক্তিযুদ্ধে যাননি। যখন ৬০ হাজারের বেশি তরুণ ছাত্র, কৃষক, শ্রমিক ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা প্রত্যেকে ছিলেন নিরাপদ আশ্রয়ে।’
তিনি বলেছেন, ‘কিন্তু স্বাধীনতার পর অন্যরা নিজ নিজ কাজে ফেরার পর, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক হুমায়ুন আজাদ ও শাহারিয়ার কবিররা ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধ চেতনা বিনির্মাণে।’
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাজীব আহমেদ লেখেন, “স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পাকিস্তান গিয়ে অতীত ভুলে সামনে এগোনোর বক্তব্যে দেখলাম, অধ্যাপক হুমায়ুন আজাদের পুরান একটি উক্তি আসছে। উক্তিটি হলো, ‘একজন মুক্তিযোদ্ধা সারাজীবন মুক্তিযোদ্ধা নন, তবে একজন রাজাকার সারাজীবন রাজাকার।’ প্রথমে ভেবেছিলাম, প্রয়াত লেখক নিয়ে টানাটানি করব। পরে ঠিক করলাম, রেকর্ডে রাখার জন্য কিছু কথা থাকুক।”
তিনি বলেন, “বাংলাদেশে সাহিত্যে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ করেছেন অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক হুমায়ুন আজাদ। গবেষণায় মুক্তিযুদ্ধ করেছেন শাহরিয়ার কবির। এই রকম আরও অন্তত ১০ জনের নাম বলতে পারব, যারা একাত্তরে তাগড়া যুবক হয়েও মুক্তিযুদ্ধে যাননি। যখন ৬০ হাজারের বেশি তরুণ ছাত্র, কৃষক, শ্রমিক ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা প্রত্যেকে ছিলেন নিরাপদ আশ্রয়ে। কিন্তু স্বাধীনতার পর অন্যরা নিজ নিজ কাজে ফেরার পর, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক হুমায়ুন আজাদ, গবেষণায় মুক্তিযুদ্ধ করেছেন শাহরিয়ার কবিররা ঝাঁপিয়ে পড়েন চেতনা বিনির্মাণে।”
তিনি আরও বলেন, “তবে দুঃখের সঙ্গে বলছি, তাদের অধিকাংশ লেখা অতিরঞ্জিত এবং ইতিহাসের বিকৃত। বাংলাদেশে মুক্তিযুদ্ধ যেহেতু কিছু বলা বারণ, ব্লাসফেমির মতো ব্যাপার, তাই ট্যাগের ভয়ে কেউ খণ্ডন করেনি। যেমন তিনজন মুক্তিযোদ্ধা মিলে তিনটি স্টিমার এবং ১২০০ রাইফেল জব্দ করার গল্পটি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে খণ্ডন করা হয়নি।”
হুমায়ুন আজাদ সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরে বলেন, “আজ শুধু হুমায়ুন আজাদ সম্পর্কে বলি, উনি একাত্তরে ২৪ বছর বয়সী যুবক ছিলেন। চাকরি করতেন জাহাঙ্গীরনগরে। যুদ্ধ শুরু হলে চলে যান মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামের পৈতৃক বাড়িতে। শ্রীনগরে তিনটি বিখ্যাত সম্মুখ সমর হয়েছে। কোথাও হুমায়ুন আজাদের অংশগ্রহণ ছিল না। বাড়িতে বসে লেখালেখি করেছেন। এটা মোটেও অন্যায় না। কারো ইচ্ছা না হলে যুদ্ধ করবে, ইচ্ছা হলে করবে না। সিম্পল ব্যাপার।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কিন্তু পরবর্তী সময়ে রণাঙ্গনের লড়াকুদের পরিচয়চ্যুত করার যে বিভাজন হুমায়ুন আজাদ তৈরি করেছেন, তাই একটি অজানা তথ্য দেই। ১৯৭১ সালে হুমায়ুন আযাদ গ্রামের বাড়িতে বসে ‘ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ : ১৮৮৫-১৯৬৯’ বইটি লেখেন এবং পাণ্ডুলিপি চূড়ান্ত করেন। বইটি মূলত ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। এতে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য, ভাষাতত্ত্ব নিয়ে কাজ উঠে এসেছে।”
বইটির প্রকাশনা প্রসঙ্গে বলেন, “তবে ঘটনা হলো, বইটি প্রকাশিত হয় একাত্তরের অক্টোবরে। প্রকাশ করে পাকিস্তান সরকারের বাংলা উন্নয়ন বোর্ড। প্রকাশক ছিলেন বোর্ডের প্রকাশনা বিভাগের প্রধান আবদুল হক। ‘সাহিত্য-সাধক-পরিচিতি গ্রন্থমালা’ সিরিজের এই বইটির প্রধান পরিকল্পনা করেছিলেন বাংলা উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ এনামুল হক। (১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে এই বোর্ড বাংলা একাডেমিতে একীভূত হয়।)”
সমকালের সাংবাদিক বলেন, “১৯৬৯ সালের ১৩ জুলাই ড. মুহম্মদ শহীদুল্লাহ মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশ্যই মহৎ উদ্যোগ। কিন্তু সমস্যা হলো, একাত্তরের অক্টোবরে প্রকাশিত বইটি হুমায়ুন আযাদের লেখা, তা বহুকাল অজানা ছিল। লেখক হুমায়ুন নিজের গ্রন্থ বলে কোথাও কোনো তথ্য প্রকাশ করেননি।”
বইটির পুনঃপ্রকাশের তথ্য তুলে ধরে বলেন, “২০১৮ সালের আগে বইটির অস্তিত্ব সম্পর্কে প্রথম জানান প্রয়াত কবি ও গদ্যশিল্পী বেলাল চৌধুরী। তিনি কবি পিয়াস মজিদকে হুমায়ুন আজাদের লেখা এই বইটির কথা জানিয়েছিলেন। পরে বইটির মূল কপি খুঁজে বের করে ২০২৬ সালের জুনে আগামী প্রকাশনী পুনঃমুদ্রণ করেছে। হুমায়ুন আজাদের নামে প্রকাশ করেছে।”
একাত্তরের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “একাত্তরের অক্টোবরে পাকিস্তান সরকার যখন বইটি প্রকাশ করছিল, সে সময়ে বাংলাদেশ ছিল উত্তাল। তুমুল লড়াই চলছে। এই দেশের তরুণরা লড়াই করছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। সেই সরকারের বাংলা উন্নয়ন বোর্ড থেকে তখন বই প্রকাশ করছেন ২৪ বছর বয়সী তরুণ হুমায়ুন আজাদ। মানে, পাকিস্তান সরকারকে মেনে নিয়ে কাজটি করছেন। মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসছেন, পাণ্ডুলিপি নিয়ে। সরকারি দপ্তরে দিচ্ছেন প্রকাশের জন্য!”
তিনি বলেন, ‘‘এগেইন, আমি হুমায়ুন আজাদকে বিচার করছি না, এইসব কর্মকাণ্ড দিয়ে। কারণ, জীবনে তিনি কী করবেন, তার ব্যাপার। যুদ্ধ না করাটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপত্তিটা হলো, যে ব্যক্তি সেই উত্তাল সময়ে শুধু নিরাপদ জীবনে থাকা নয়, বরং পাকিস্তান সরকারের সঙ্গে কাজ করেছেন, তিনি স্বাধীনতার পর ঠিক করা শুরু করলেন, কে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা কী রকম! সাহিত্যের নামে তৈরি করলেন ঘৃণা, সাম্প্রদায়িক বিদ্বেষ।”
হুমায়ুন আজাদের লেখার সমালোচনা করে তিনি বলেন, “কতটা ঘৃণা তৈরি করেছেন, এটা বুঝতে হলে হুমায়ুন আজাদের ‘আমার মুক্তিযুদ্ধ’ গল্পটি পড়বেন। পাকিস্তানিদের সম্পর্কে কী পরিমাণ জাতিবিদ্বেষী, বর্ণবাদী কথা লিখেছেন! যা নিয়াজির সঙ্গে নিজের কোনো পার্থক্যই রাখেননি। কিন্তু মুশকিল হলো, ব্লাসফেমির ভয়ে এগুলো নিয়ে কথা বলা হয়নি।”
সবশেষে রাজীব আহাম্মদ বলেন, “আমার ধারণা, একাত্তরে যারা বয়স ও সামর্থ্য থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে যাননি, এরা নিজেদের কিছুটা হেয় মনে করতেন। এই হীনমন্যতা কাটাতেই পরবর্তীতে প্রচুর ‘মুক্তিযুদ্ধ’ শুরু করেন। এটা মুক্তিযুদ্ধবিরোধী হয়েছে, ওটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হয়েছে, এই জাতীয় আলাপ শুরু করেন। কোনো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকের মধ্যে এগুলো দেখিনি। তারা তাদের নিজেদের কথা লিখেছেন। কিন্তু যারা নামে মুক্তিযোদ্ধা হলেও আসলে রণাঙ্গনে যাননি এবং কিংবা যুদ্ধেই যাননি, তারাই পরবর্তীতে নিজেদের জাতে তুলতে নানা গালগল্প করেননি এবং বিষ ছড়ান।”