
রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে প্রতিষ্ঠিত সূত্রগুলোর একটি হলো, রাষ্ট্র তার ভূখণ্ডের ভেতরে বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকার (Monopoly of Legitimate Force) দাবি করে। ম্যাক্স ওয়েবারের এই সংজ্ঞা আজও রাষ্ট্রের চরিত্র বিচারের প্রথম মানদণ্ড। কোনো ভূখণ্ডে যখন কোনো গোষ্ঠী প্রকাশ্যে মিছিল করে, গাড়ি ও বাড়িঘর পোড়ায় এবং নিজেদের ইচ্ছামতো কর্তৃত্ব কায়েম করতে চায়, তখন রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র (State within a State) জন্ম নেওয়ার আশঙ্কা তৈরি হয়। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা সম্প্রতি যে আস্ফালন দেখিয়েছেন, তা ঠিক সেই আশঙ্কারই একটি খারাপ নমুনা। প্রশ্ন না করে উপায় নেই, তারা কি মনে করেন গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ড?
বস্তুত তারা প্রকাশ্যে জামায়াত ও বিএনপির লোকদের গাড়ি এবং বাড়িঘর পুড়িয়েছে। কোনো সভ্য রাষ্ট্রে, কোনো আইনের শাসনে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র গড়ে ওঠার এই প্রবণতা কোনোভাবেই বরদাশত করা যাবে না। এটি শুধু একটি জেলার আইনশৃঙ্খলার প্রশ্ন নয়; এটি রাষ্ট্রের কর্তৃত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্ন। যে নাগরিকের গাড়ি পুড়ে যায়, যার ঘরবাড়ি আক্রান্ত হয়, সে রাষ্ট্রের কাছে নিরাপত্তা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে রাষ্ট্রের বৈধতা প্রশ্নের মুখে পড়ে। সুতরাং গোপালগঞ্জের ঘটনাকে স্থানীয় উত্তেজনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই; একে দেখতে হবে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে।
এই আস্ফালনের কারণ অনুসন্ধান করলে প্রথমেই যে বিষয়টি লক্ষণীয়, তা হলো তৃণমূলের নেতাকর্মীদের একধরনের ঘোরের মধ্যে, ট্রান্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমাজবিজ্ঞানে একে বলা যায় সমষ্টিগত বিভ্রম (Collective Delusion)। তাদের বোঝানো হয়েছে, আওয়ামী লীগ ইমিডিয়েটলি—অর্থাৎ অবিলম্বে ক্ষমতায় ফিরে আসছে। এই বিশ্বাস যদি নেতাদের আচরণ ও বক্তব্যের মধ্য দিয়ে নিয়মিত খাদ্য পায়, তাহলে সাধারণ কর্মীর কাছে বাস্তবতা ও কল্পনার সীমারেখা মুছে যায়। নেতারা এমন আচরণ করলে কর্মীরাও সেভাবেই আচরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বলার অপেক্ষা রাখে না, এই প্রত্যাশা বাস্তবসম্মত নয়। রাজনীতিতে প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধান যত বাড়ে, তার মূল্য দিতে হয় তত বেশি আর সেই মূল্য সাধারণত নেতারা নয়, দিতে হয় সাধারণ কর্মীদেরই।
এর পেছনে আরেকটি মাত্রা রয়েছে, যা উপেক্ষা করার সুযোগ নেই। আমার বিশ্লেষণে এই তৎপরতার পেছনে ভারতের মদত রয়েছে এবং একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রও রয়েছে, যার কেন্দ্রে রয়েছে ডিসেম্বর মাস। শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ না করলেও সীমান্তের কাছাকাছি এসে অবস্থান নিতে পারেন, এমন আশঙ্কা অমূলক নয়। উদ্দেশ্য স্পষ্ট : বাংলাদেশে অস্থিতিশীলতা জিইয়ে রেখে বাংলাদেশের সরকারকে চাপে ফেলা এবং নাস্তানাবুদ করা। এই উদ্দেশ্য সফল করতে প্রয়োজন সংঘাত আর সংঘাতের জন্য প্রয়োজন কিছু মানুষকে মাঠে নামানো। গোপালগঞ্জের ঘটনা সেই মাঠে নামানোরই একটি পর্ব বলে বিবেচনা করা যায়।
কিন্তু এর পরিণাম কী? পরিণামের কথা ভাবলে দেখা যাবে, যারা প্রকাশ্যে এ ধরনের হামলায় অংশ নিচ্ছে, তারাই সবচেয়ে বেশি নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতায় আসবে না, কিন্তু এসব মানুষ ভয়াবহ বিপদে পড়বে। এই বিপদ আসবে দুই দিক থেকে—
১. সরকারের দিক থেকে। এমন তৎপরতার জবাবে সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান নতুন করে শুরু হবে। মামলা-হামলা, ধরপাকড়ের নতুন ঢেউ আসবে।
২. বিরোধী দল ও বিএনপির লোকদের দিক থেকে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটি স্থানীয় পর্যায়ে সমন্বয় চলছিল বলে যে ধারণা ছিল, এই আস্ফালন সেটির অবসান ঘটাবে। বিএনপি বা বিরোধীদলীয় লোকরা আওয়ামী লীগের ওপর হামলার একটি অজুহাত পেয়ে যাবে। অর্থাৎ নিজেরাই নিজেদের ওপর আক্রমণের অজুহাত তৈরি করে দিচ্ছে।
২০২৪-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিজেই প্রচার করেছিল যে পাঁচ লাখ মানুষ নিহত হবে। বাস্তবে সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়নি। এখন তারা ঠিক সেই পরিস্থিতিই উসকে দিতে চাইছে, যাতে বিভিন্ন জায়গায় সংঘাত সৃষ্টি হয়। সংঘাত হলে অরাজকতা সৃষ্টি হবে আর অরাজকতা সৃষ্টি হলে বাইরের হস্তক্ষেপের সুযোগ বাড়বে। অর্থাৎ সংঘাত এখানে নিজেই লক্ষ্য নয়; সংঘাতের ফলে সৃষ্ট অরাজকতাই আসল লক্ষ্য। এ কারণেই তারেক রহমান যথার্থই বলেছেন, তাদের পাতানো ফাঁদে যেন কেউ পা না দেয়। তারা যেমন ঘরবাড়ি আক্রমণ করছে, তেমনি যদি সারা দেশে অরাজকতা ছড়িয়ে পড়ে, তাহলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে।
এখানেই আসে ‘আওয়ামী নির্বোধ আস্ফালন’-এর প্রশ্ন। আমি একে নির্বোধ বলছি এ কারণে যে, তারা ভালোভাবেই জানে বাংলাদেশে একটি সরকার আছে। সেই সরকারকে তারা অস্বীকার করতে পারবে না, অগ্রাহ্যও করতে পারবে না। পুলিশ আছে, মামলা আছে, রাষ্ট্রযন্ত্র আছে। তারপরও ভবিষ্যৎ নেই, চিন্তা নেই, ভাবনা নেই; নির্বোধের মতো তারা গোপালগঞ্জে যেন একটি সমান্তরাল সরকার গঠনের মতো কাজ করে ফেলল। এর ফলাফল শূন্য, বরং শূন্যের নিচে। এটি রাজনৈতিক বিবেচনার চরম দেউলিয়াত্বেরই প্রমাণ।
তবে এ ঘটনা শুধু আওয়ামী লীগের দুর্বলতাই প্রকাশ করেনি, প্রশাসনের একটি গুরুতর দুর্বলতাও উন্মোচন করেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কী করেন? এত বড় একটি মিছিল হয়ে গেল, এত বড় একটি ঘটনা ঘটে গেল, অথচ তাদের কাছে কোনো আগাম খবর ছিল না! এটি শুধু গোয়েন্দা ব্যর্থতা নয়, এটি দায়িত্বে চরম অবহেলা। বিষয়টিকে শুধু বদলির মধ্য দিয়ে নিষ্পত্তি করা যায় না। যারা এভাবে খোঁজখবর রাখেন না, তাদের চাকরিতে থাকার নৈতিক ভিত্তি থাকে না; তাদের চাকরি যাওয়াই উচিত। কারণ রাষ্ট্রের সক্ষমতা মাপা হয় সংকট ঘটে যাওয়ার পর নয়, সংকটের আগাম আভাস পাওয়ার সামর্থ্য দিয়ে। জেলাপর্যায়ের প্রশাসন যদি সেই সামর্থ্য না দেখাতে পারে, তাহলে সরকারের সদিচ্ছা থাকলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন ঘটবে না।
এই প্রেক্ষাপটে সমাধান কোথায়? আমার স্পষ্ট বক্তব্য, সমাধান খুঁজতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। কারণ বোঝাই যাচ্ছে, আওয়ামী লীগ একটি সুপ্ত শক্তি (Dormant Force)। সে যেকোনো সময় আস্ফালন করতে পারে। আগ্নেয়গিরির মতো সুপ্ত অবস্থায় থাকা এ ধরনের শক্তি সুযোগ পেলেই জেগে ওঠে। জার্মান-আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী কার্ল লোয়েনস্টাইন গণতন্ত্র রক্ষার জন্য যে ‘সংগ্রামী গণতন্ত্র’ (Militant Democracy) ধারণার কথা বলেছিলেন এবং কার্ল পপার সহনশীলতার যে প্যারাডক্সের (Paradox of Tolerance) কথা বলেছিলেন, তার মর্মার্থ এই যে, যে শক্তি গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকেই ধ্বংস করতে চায়, তার প্রতি অসীম সহনশীলতা গণতন্ত্রের জন্যই আত্মঘাতী। জুয়ান লিনজ ও আলফ্রেড স্টেপান গণতন্ত্রের সুসংহতকরণের শর্ত হিসেবে বলেছেন, গণতন্ত্র হতে হবে ‘একমাত্র খেলা’ (The Only Game in Town)। যে শক্তি এই খেলার নিয়ম মানতে অস্বীকার করে, তাকে খেলার বাইরে রাখাই সুসংহতকরণের পূর্বশর্ত। লুই কোজার তার সংঘাত-তত্ত্বে দেখিয়েছেন, বহিঃশত্রুর হুমকি একটি সমাজের অভ্যন্তরীণ ঐক্যকে সুদৃঢ় করে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সেই ঐক্যেরই প্রয়োজন।
এই ঐক্যের কর্মসূচি আমি নিচের কয়েকটি বিষয়ে সুনির্দিষ্ট করতে চাই—
১. আওয়ামী লীগের বিপরীতে বিএনপি, এনসিপি, জামায়াত এবং সমস্ত সিভিল সোসাইটিকে এক হতে হবে এবং রাজনৈতিকভাবে তাদের নির্মূল করতে হবে।
২. শুধু কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে চলবে না; আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৩. তাদের বিচার ত্বরান্বিত করতে হবে।
৪. বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে তাদের প্রতি সহিংসতা নয়; তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। কারণ সহিংসতাই তাদের প্রয়োজন, সহিংসতাই তাদের ফাঁদ। প্রতিটি স্থানীয় প্রতিশোধ তাদের সেই পরিস্থিতিই তৈরি করে দেবে, যা তারা চাইছে। তাই আইনের পথে, আদালতের পথে এবং রাজনৈতিক সিদ্ধান্তের পথেই এই শক্তির মোকাবিলা করতে হবে।
এই ঐক্য গড়ে তুলতে হলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভেতরের দুর্বলতাও স্বীকার করতে হবে। এখানে বিএনপির বিরুদ্ধে একটি বদনাম রয়েছে। অভিযোগ আছে, অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের তারা নিজেদের কমিটিতে ঢুকিয়েছে। দ্বিতীয় অভিযোগ, নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের নিঃশর্ত সমর্থন দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায়, বিশেষত গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বের সম্মুখ সারিতে রেখে নির্বাচন করা হয়েছে এবং বলা হয়েছে, ১২ জানুয়ারির পর ১৩ জানুয়ারি আপনারা অফিস খুলে বসবেন। পরে আবার বিএনপির লোকরাই তাদের মারধর করেছে। এ ধরনের দ্বিচারিতার রাজনীতির কারণেই আজ একটি সুস্পষ্ট স্ট্যান্ড দরকার, একটি শক্ত অবস্থান দরকার। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না।
অন্যদিকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ হলো, তারা একতরফাভাবে আওয়ামী লীগকে মাফ করে দিয়ে বসে আছে। যদিও জামায়াত আমির বলেছেন, তিনি এমন কথা বলেননি। কিন্তু আওয়ামী লীগের লোকরা ক্ষমা করেনি। তারা বিভিন্ন জায়গায় জামায়াতের অফিস পুড়িয়েছে, জামায়াতের লোকদের ওপর হামলা করেছে, জামায়াতের লোকদের নাস্তানাবুদ করেছে। সুতরাং একতরফা ক্ষমা ও উদারতার রাজনীতি এখানে কোনো সুফল বয়ে আনেনি; বরং তা আক্রমণকারীদের আরো সাহস জুগিয়েছে। ক্ষমা তখনই অর্থবহ, যখন অন্যপক্ষও তা গ্রহণ করে। সে ক্ষেত্রে একতরফা ক্ষমা রাজনৈতিক সরলতারই নামান্তর।
পরিশেষে বলতে হয়, এটি একটি সংকটময় সময়, একটি সন্ধিক্ষণ। গোপালগঞ্জের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সতর্কসংকেত। আজ গোপালগঞ্জে যা ঘটেছে, কাল অন্য কোনো জেলায় তার পুনরাবৃত্তি ঘটতে পারে। সংকটের এই সন্ধিক্ষণে দুর্বল অবস্থান, দ্বিধা ও দ্বিচারিতার কোনো অবকাশ নেই। প্রয়োজন সুস্পষ্ট নীতি, দৃঢ় অবস্থান এবং সব পক্ষের সমন্বিত পদক্ষেপ। বিএনপি, এনসিপি, জামায়াত, সিভিল সোসাইটি এবং সরকার, সবাইকে দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একত্র হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। এখনই যদি সেই ঐক্য গড়ে না ওঠে, তাহলে সুপ্ত শক্তি আবার জেগে উঠবে, আর তার মূল্য দিতে হবে পুরো জাতিকে।
লেখক : প্রাক্তন অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়