Image description

আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় বন্ধ রয়েছে যান চলাচল।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, গতকাল রাতের পর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে থানার আসবাবপত্রে তখনো আগুন জ্বলছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে দেখা যায়নি। থানায় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য ছাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো সদস্যের উপস্থিতি চোখে পড়েনি।

 

টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পরের চিত্র। স্ট্রিম ছবি
টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পরের চিত্র। স্ট্রিম ছবি

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তাঁদের ছাড়িয়ে নিতে একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর মুহূর্তের মধ্যে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালান।

 

 

পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। স্ট্রিম ছবি
পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। স্ট্রিম ছবি

 

 

এ সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসে এ হামলা চালায় বলে জানা গেছে। হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। থানা থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়া হলে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান।

 

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হয়। বিক্ষুব্ধরা সেখানে বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

 

বিজিবির একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার পুড়িয়ে দেওয়া হয়। স্ট্রিম ছবি
বিজিবির একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার পুড়িয়ে দেওয়া হয়। স্ট্রিম ছবি

 

 

এরপর রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতে অগ্নিসংযোগ করেন।

 

এদিকে রাত পৌনে ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি।