নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাগেরহাটে আহত যুবকের মৃত্যু হয়েছে। মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলার সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণ ঘটে। ১০ জেলায় হামলা, সংঘর্ষে আহত হয়েছেন ১১৩ জন। বিভিন্ন স্থানে বাড়ি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজীতে জামায়াত নেতার দোকান ভাঙচুরের পর কৃষকদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান গনি সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পার নওয়াপাড়ার শাহাজান সরদারের ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব বিরোধের জের ধরে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে শুক্রবার হামলা-পালটাহামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ওসমান গনি সরদারসহ অন্তত পাঁচজন আহত হন।
মাদারীপুর ও টেকেরহাট : মাদারীপুরে বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও অর্ধশত হাতবোমা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নতুন মাদারীপুর ও লক্ষ্মীগঞ্জ এলাকায় বোমা হামলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
ফরিদপুর ও সালথা : বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচনি বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে শুরু হওয়া এই সংঘাতের সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশকিছু বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াইল : নড়াইল-২ আসনে নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে সদর উপজেলার গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র (কলস প্রতীক) প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ছাড়া নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়ায় এক জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম ও সিংড়া (নাটোর) : বড়াইগ্রামের ধানাইদহ গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত, ১২টি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজন বিএনপি ও ৯ জন জামায়াতের নেতাকর্মী। ঘটনার পর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব ও ইউএনও জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে ধানাইদহ বাজারে জামায়াতকর্মী সাকিব ও সাব্বিরকে মারধর করে স্থানীয় বিএনপির কর্মীরা। এ বিষয়ে শনিবার সকালে ধানাইদহ বাজারে আপস মিটিং করার বিষয়ে উভয়পক্ষের নেতাদের মধ্যে আলোচনা হয়। শনিবার সকাল ১০টার দিকে গ্রাম থেকে উভয় দলের লোকজন বাজারে আসার সময় তর্কবির্তকের একপর্যায়ে সংর্ঘষ শুরু হয়।
সিংড়ায় ধানের শীষে ভোট দেওয়ায় এছাতন নামের এক নারীর ডান হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। শনিবার সকালে সিংড়া পৌরসভার পারসিংড়া মহল্লায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধারে এসে ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ধানের শীষের এজেন্টসহ আরও ৮ জনকে মারধর করা হয়েছে। এই অভিযোগ বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দাউদার মাহমুদের ঘোড়া প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিয়ামুল ইসলাম ওরফে নেহালকে আটক করেছে থানা পুলিশ।
মাধবদী (নরসিংদী) : জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে মাধবদীর কাঁঠালিয়ায়। এ সময় এতে উভয়পক্ষের নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে মাধবদী কাঁঠালিয়ার ডৌকাদি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০টি বাড়ি ভাঙচুর করা হয়। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ও টঙ্গী পূর্ব : গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় আধিপত্য বিস্তার ও পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চাপাতির কোপে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাতাইশ মহরম খান বিদ্যানিকেতন কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাম্মেল লষ্কর আহত হন। তিনি টঙ্গীর সিরাজ লষ্করের ছেলে। এছাড়া জেলা কাপাসিয়ার কড়িহাতা নামক স্থানে জামায়াত প্রার্থীর এক কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা দুটি ঘটেছে। এছাড়া শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা তোফাজ্জলের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন জেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব গ্রামে পাকিয়াব বালিকা মাদ্রাসার প্রিন্সিপালের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
কাঁঠালিয়া (ঝালকাঠি) : কাঁঠালিয়ায় জামায়াতের একটি দলীয় কার্যালয়, কর্মী-সমর্থকদের ৩টি বাসাবাড়ি ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুই নারী আহত হয়েছেন। উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত দুই দিনে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।
টাঙ্গাইল ও ভূঞাপুর : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সদ্য নির্বাচিত সংসদ-সদস্য সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান লুৎফর রহমান খান আজাদ। তিনি বলেন, শুক্রবার আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনি অফিস ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ বিভিন্ন এলাকায় আমার ১৫-২০ জন কর্মী মারাত্মক আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে ইউনিয়ন জামায়াতের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় অফিসে থাকা জামায়াতের নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর (মানিকগঞ্জ) : দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকা খোর্দ্দছাতিয়ান গ্রামে শুক্রবার রাতে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের পোস্টার, ব্যানার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বগুড়া : সারিয়াকান্দিতে সাহাবুল ইসলাম নামে এক সাবেক শিবির কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, শনিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে বসত বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতিসহ মালামাল পুড়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামের মুন্সি বাড়ির ব্যবসায়ী ও ভাদুর ইউনিয়ন জমায়েত কর্মী নুর হোসেনের বিল্ডিংয়ে।
ভোলা : ভোলার দক্ষিণ দিঘলদী শান্তিরহাট বাজারে নির্বাচন ইস্যুতে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও দুটি বাড়ি, তিনটি দোকানে হামলা ভাঙচুর করা হয়েছে। এ সময় দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে ছাত্রদল নেতা শুভকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত আব্দুস শহীদকে ভোলায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সকাল থেকে এসব ঘটনা ঘটে। শনিবার দুপুরে বাংলাবাজারে বিএনপির স্বপন ও কামাল গ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়।
ফেনী : ফুলগাজীর মুন্সির হাটে জামায়াতে ইসলামীর কর্মীদের চারটি দোকান ভাঙচুরের অভিযোগ ওঠার পর কৃষকদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ সিদ্ধান্ত নেয় দলটি। বহিষ্কৃত কৃষকদলের নেতা হলেন মো. সুমন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।
কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালীতে একাধিক বাড়িতে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর লুটের মালামাল উদ্ধার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ থানা পুলিশ। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে এবং একই দিনে মালামাল উদ্ধার করা হয়।
বাউফল ও গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) : বাউফল উপজেলার কালাইয়া বন্দরে পালটাপালটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘণ্টাব্যাপী কালাইয়া বন্দরে এ ঘটনা ঘটে। গলাচিপায় সংঘর্ষে ২ নারীসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা : পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের একটি জলাশয়ের দখল নিয়ে দুগ্রুপের বিরোধের জেরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে ভাড়ারা ইউনিয়নের ভাড়ারা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে এ ঘটনায় একটি অভিযোগ পাবনা সদর থানায় জমা দেওয়া হয়েছে। থানায় লিখিত অভিযোগে দাবি করা হয়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় ভাড়ারা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সুলতান মাহমুদের নেতৃত্বে এ হামলা ও লুটপাট করা হয়।
যশোর : শুক্রবার গভীর রাতে যশোরে পার্কিং করা বিএনপি নেতার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুটি বাসে আগুন দেওয়া হলেও একটি ভস্মীভূত হয়েছে। অপরটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাসমালিক আবু বক্কার সিদ্দিক বেলাল।
রাজাপুর (ঝালকাঠি) : রাজাপুরে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে মো. আসাদ নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে তার বসতঘরে ভাংচুর চালানো হয়েছে বলে দাবি পবিরারের। শনিবার দুপুরে উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর : জামালপুর সদরের কাশারুপাড়ায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুট করেছে জামায়াত। শনিবার বিকালে জামালপুর-৫ সদর আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
হাতিয়া (নোয়াখালী) : হাতিয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলাদি বাজারে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ : রূপগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন বিএনপির নেতারা।