চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়। পরে ইকবাল সোবহান চৌধুরীকে ও রাজিব ঘোষকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, আজ ডিবিসি কার্যালয়ে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পারে। পরে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশের সদস্যরা সেখানে যান এবং ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। বর্তমানে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কোন সংবাদ প্রচারকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সংবাদটি প্রচার করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই। সংবাদ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এটুকুই আপাতত জানাতে পেরেছি। পরিস্থিতির ধরন বা সেখানে কোনো বিরোধ কিংবা উত্তেজনা তৈরি হয়েছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। পরবর্তী সময়ে আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।