মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল। সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে পটিয়ায় আনা হয়।
পারিবারিক ও প্রশাসন সূত্র জানায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পটিয়া পৌরসদরের ওয়াপদা রোড এলাকার নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মায়ের মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়।
প্রশাসন সূত্র জানায়, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়া পৌরসদরের সুচক্রদণ্ডী এলাকায় আনা হয়।
রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে আইয়ুব বাবুল মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘মহান রাব্বুল আল-আমিন যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর আইয়ুব বাবুলকে বাড়িতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, ‘প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যেই তিনি জানাজায় অংশ নেন এবং নির্ধারিত সময় শেষে আবার কারাগারে ফিরে যান।’
প্রসঙ্গত, আইয়ুব বাবুল বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মোট ছয়টি মামলার মধ্যে চারটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। পরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।