Image description

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক বিএনপি নেতার জুয়ার আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযুক্ত শাহীনুর মল্লিক জীবন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির বিষয়ে উপজেলার কান্দানিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে জুয়ার আসরটি চলছে। বিষয়টি নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় রয়েছি। 

তারা আরও জানান, কান্দানিয়া বাজারটি ত্রিশাল ও ভালুকা উপজেলার সীমান্ত বাজার। বাজারের বেশ সুনাম রয়েছে। এসব অপকর্মের কারণে বাজারের পরিবেশ খারাপ হওয়ায় লোকজন এখন আসে কম, যারা আসেন তারাও সন্ধ্যার আগে বাজার থেকে চলে যান।

বাজারের দক্ষিণ পাশে বিএনপির এই নেতার নেতৃত্বে প্রতিদিন রাতে জুয়ার আসর বসে। আসরকে ঘিরে ইয়াবা ও মদ বেচাকেনা হয় বলে অভিযোগ তাদের। আসরটি নানা সময়ে বন্ধের উদ্যোগ নিলেও তা বন্ধ হয়নি।  

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তাস দিয়ে জুয়া খেলা চলছে। খেলায় বিট করা হচ্ছে টাকা। বিএনপি নেতাও তাস দিয়ে জুয়া খেলছেন। 

এ বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন বলেন, ‘আমার ঘরে মাঝে মধ্যে তাস দিয়ে খেলা হয়। টাকা দিয়ে খেলা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।’ 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, বিএনপি নেতার জুয়ার আসরের ভাইরাল ছবিটি এখনো দেখেনি। ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেন এই কর্মকর্তা।