লেবানন ও গাজায় ইসরাইলের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা বা বার্তা বিনিময়ে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে ইরান।
সোমবার (১ জুন) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ বার্তা বিনিময় প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইরানের প্রতিনিধি দল।
তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, ইরান এবং তাদের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ ফ্রন্ট’ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার পরিকল্পনা বিবেচনা করছে। পাশাপাশি ইয়েমেন উপকূলের বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য আঞ্চলিক ফ্রন্ট সক্রিয় করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ‘প্রতিরোধ ফ্রন্ট’ বলতে ইরানের মিত্র আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকেই বোঝানো হয়েছে। এর মধ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠী অন্যতম, যারা দেশটির বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাগুলোর সঙ্গে হুতিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নতুন এই অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
শীর্ষনিউজ/