ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এ কর্মসূচিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভাগের কিছু শিক্ষকের মানসিক ও ব্যক্তিগত নিপীড়নের পরিবেশই এই মৃত্যুর পেছনে দায়ী।
বিভাগের শিক্ষার্থী আনিয়া আক্তার বলেছেন, ‘বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিকভাবে নিপীড়ন করার যে পরিবেশ তৈরি হয়েছে, মিমোর অকালমৃত্যু তারই একটি পরিণতি। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করা হোক। এ সময় তিনি ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।’
এ সময় বক্তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জরুরি আহ্বান জানান।
বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেছেন, ‘শিক্ষার্থীদের যে দাবি সেটা আমাদেরও দাবি। এ ঘটনায় যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা তা নিয়েছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, নিরপেক্ষ তদন্ত, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত, ভুক্তভোগী পরিবারের আইনি সহায়তা, বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ সাত দফা দাবি জানান।