রাজধানীর বিমানবন্দরে তেল (অকটেন) না পেয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বাইকাররা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) বিপরীত পাশের মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করা হয়।
ঘটনার পর রাত পৌনে ১১টার দিকে উত্তরা পূর্ব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের সহযোগিতায় বাইকারদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।
বিক্ষুব্ধ বাইকরা এশিয়া পোস্টকে জানান, আমরা সন্ধ্যা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হটাৎ করে পাম্পের লোকজন সব বন্ধ করে চলে যায়।
তারা বলেন, আমরা তেলের জন্য অপেক্ষা করতে করতে সর্বশেষ রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি। কারণ তেল ছাড়া আমাদের এখন কোথাও যাওয়ার পথ নেই।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তেলের পাম্পের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাসুদ হাসান ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, তেল শেষ হয়ে গেছে সাড়ে ৭টায়। পরে আমরা চলে গিয়েছিলাম। কারণ শেষ হওয়ার পর ঝামেলা হবে, সেটা আমরা আগে থেকেই জানি। পরে রাত সাড়ে ১০টার দিকে বাইকাররা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে।