Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা, শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব। হতদরিদ্র মানুষ এই কার্ড পেয়ে আনন্দিত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের উদ্যোগে ১০ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এ জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না। সুবিধাভোগীরা সরাসরি সহায়তা পাবেন।

তিনি বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মতো অন্যান্য ধর্মের যারা ধর্মীয় কাজ করেন এবং নৈতিক শিক্ষা দেন, তাদের প্রতিও আমাদের নির্বাচনী অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।

খাল খনন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৬ তারিখে দেশের ৫৪টি জেলায় খাল খননের উদ্বোধন হয়েছে। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান এ কার্যক্রম শুরু করেছিলেন। সেচব্যবস্থা উন্নত হলে কৃষি উৎপাদন বাড়বে। পাশাপাশি মৎস্য ও হাঁস চাষের সুযোগ সৃষ্টি হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।