Image description

সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় দুই অঞ্চলে সিভিল ডিফেন্সের দল অংশ নেয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অনুমোদিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।

 

ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর কিছু অংশ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে। এ ছাড়া প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের খণ্ড জেদ্দার আল নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টারে গিয়ে পড়ে।

 

এদিকে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তাদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে।

 

তবে, সৌদি আরবে সাতটি হামলা চালানোর দাবি করেছে হুতিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।

 

হুতিদের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন। এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিও এ হামলার লক্ষ্যবস্তু ছিল। এ ছাড়া পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

 

 

এসব হামলাকে মক্কা-মদিনায় হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগ।

 

এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লিগ বলেছে, এ ধরনের হামলা বিশ্বের ২০০ কোটির বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঝুঁকি তৈরি করে। এটি ইসলামের মূল্যবোধ ও মানবতার মৌলিক নীতিরও পরিপন্থি।

 

বিবৃতিতে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেশটির পাশে থাকার কথা বলেছে সংগঠনটি।