বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। এ সময় গভীর আংশিক চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের প্রায় ৯৬ শতাংশ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। নাসার তথ্য অনুযায়ী, ভৌগোলিক অবস্থানের কারণে গ্রহণের সবচেয়ে স্পষ্ট দৃশ্য দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে।
ইউরোপ ও আফ্রিকার কিছু এলাকাতেও চাঁদ ওঠা বা অস্ত যাওয়ার সময় আংশিক গ্রহণ দেখা যেতে পারে।
চন্দ্রগ্রহণের সময় চাঁদের বড় একটি অংশ পৃথিবীর সবচেয়ে ঘন ছায়ায় প্রবেশ করলেও চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের কিছু আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর কারণে সেটি তামাটে বা লালচে রঙ ধারণ করতে পারে। এ ধরনের দৃশ্যকে প্রচলিতভাবে ‘ব্লাড মুন’ বলা হয়।পুরো গ্রহণের প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে রূপ দেখা যাবে তুলনামূলকভাবে অল্প সময়ের জন্য।
চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ সুরক্ষা চশমার প্রয়োজন হয় না। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য দেখা সম্ভব।
শীর্ষনিউজ