যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘হরমুজ, জব্দ সম্পদ’ নিয়ে দোহা আলোচনা শেষ হওয়ার পর নতুন আলোচনার তারিখ ঠিক হয়েছে ১৮ জুলাই। আগামীকাল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও ৯ জুলাই দাফনের আগে তেহরান আর কোনো আলোচনায় রাজি হয়নি। তবে ইরান এই হুঁশিয়ারিও দিয়ে রেখেছে যে জানাজা অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোরকম ভুল করলে তার কঠোর জবাব দেওয়া হবে। এই সঙ্গে ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে দিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। সূত্র : আলজাজিরা, তাস নিউজ, এএফপি
প্রাপ্ত খবর অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে পরবর্তী পর্যায়ের পরোক্ষ আলোচনা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কাতারের দোহায় পরোক্ষ আলোচনার পর আল-হাদাস টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবেদনে বৈঠকের স্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যমটির একজন জ্যেষ্ঠ সূত্রের তথ্যানুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী পর্ব ১৮ জুলাই শুরু হবে।
পর্যবেক্ষকরা জানান, দোহা আলোচনায় দুই পক্ষ স্থায়ী শান্তির দিকে অগ্রসর হয়েছে এমন কোনো ইঙ্গিত মেলেনি। তার পরিবর্তে বরং তারা এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, যেগুলো দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তির ঘোষণার মাধ্যমে সমাধান হয়েছে বলে দাবি করেছিল তারা। এ আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছেন, দুই দেশের আলোচকরা দোহায় দুই দিন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ইরানের জব্দ তহবিল অবমুক্তি নিয়ে আলোচনা করে কাটিয়েছেন। দুটিই অন্তর্বর্তী চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহা আলোচনায় জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিতর্কিত বিষয়গুলো নিয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। আর এটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের ‘ফলাফলের ওপর ভিত্তি করে এগিয়েছে’। পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সীমাবদ্ধতার বিষয়ে উভয় পক্ষ অগ্রগতি করছে।
ইরানের সতর্ক বার্তা : প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আগে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ না নিতে সতর্কবার্তা দিয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং চ্যানেলের বরাতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদুল্লাহি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।